এবড়োখেবড়ো রাস্তায় গাড়ি চলে হেলেদুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে ১০টা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তায় তুলাভর্তি একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে। পেছনের চাকা চারটি খুলে স্তূপ করে তার ওপর গাড়িটি দাঁড় করানো। সেটি সারিয়ে তোলার কাজ করছিলেন চালক, তাঁর সহকারী ও দুজন মোটর মিস্ত্রি। চালক মো. রাসেল বললেন, ‘এবড়োখেবড়ো রাস্তায় হেলতে দুলতে এই পর্যন্ত আইলাম। তারপর গেল এক্সেল ভাইঙ্গা। এখন এক্সেল লাগাইতেছি, কহন গাড়ি ঠিক হইব, তার ঠিক নাই।’
ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ২০ জুলাইয়ের মধ্যে মহাসড়কগুলো ঠিক করার ঘোষণা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। সরাসরি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থা দেখতে গতকাল রোববার সকালে ঢাকা থেকে যাত্রার পরপর কাভার্ড ভ্যানটির দশা দেখে আমাদের মাইক্রোবাসের চালক আবদুর রশীদ জানান দিলেন, ‘ভাই, তাড়া দেওয়া যাবে না, রাস্তার অবস্থা ভালো নয়।’ এর আগে তাঁকে বলা হয়েছিল, দিনে দিনে ঢাকায় ফিরতে হবে।
ঢাকা থেকে ছয় ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার পাড়ি দিয়ে ময়মনসিংহে পৌঁছানোর পর হিসাব কষে দেখা গেল, মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ইট আর মাটির মিশ্রণ দিয়ে ‘জোড়াতালির’ মেরামত করা হয়েছে। সদ্য মেরামত করা অংশটা ধুলা আর কাদায় একাকার। গাড়িচালকেরা জানালেন, দুই সপ্তাহে রাস্তার বড় গর্তগুলো ইট-মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এক পসলা ভারী বৃষ্টি হলেই সব ধুয়ে যাবে।
সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে মাইক্রোবাসে যাত্রা শুরুর পর জয়দেবপুর পর্যন্ত সড়ক কিছুটা উঁচু-নিচু হলেও গাড়ি ভালোই চলল। জয়দেবপুর মোড়ের জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য পার হতেই কালো রাস্তাটা লাল হয়ে গেছে। রাস্তার গর্ত বন্ধ করতে ইটের খোয়া-মাটি ফেলায় এই অবস্থা। জয়দেবপুর চৌরাস্তায় দেখা গেল, ইটের খোয়া আর মাটির মিশ্রণ ফেলে রাস্তা সমান করার কাজ চলছে। এই মোড়েই লাল মহাসড়কের এক অংশ বন্ধ রেখে টেম্পো আর রিকশার স্ট্যান্ড বানানো হয়েছে। সড়কের পাশে পানি জমে ছোট জলা হয়ে আছে। কোথাও থকথকে কাদা।
এখানে কথা হয় ঢাকা-শেরপুর গন্তব্যে চলাচলকারী সোনার বাংলা পরিবহনের চালক মো. শাহীনের সঙ্গে। তিনি জানালেন, ঢাকা-ময়মনসিংহ সড়কে এর আগে অসংখ্য গর্ত ছিল। গত দুই সপ্তাহে বেশির ভাগ গর্তই ভরাট করা হয়েছে। তবে সড়কটির বেশির ভাগ অংশই এবড়োখেবড়ো, উঁচু-নিচু ঢেউ খেলানো।
চালক শাহীন আরও বললেন, ‘কুনো রকমে মাটি দিয়া গর্ত বুইজা দিছে। এই মাটি তো কদিনের মইধ্যে বর্ষায় কাদা হয়ে আর শুকনায় ধুলা হইয়া উইড়া যাইব।’
লাল কাদামাটির মহাসড়ক ধরে হেলেদুলে কিছু দূর এগোনোর পর আবার পিচঢালা সড়কের দেখা মিলল। তবে কিছু দূর যাওয়ার পর লাল ইটের ধুলা-কাদার রাস্তা। চান্দনার টেকনগপাড়ায় সড়কের ওপর এক পাশে স্তূপ করে রাখা হয়েছে ইট-মাটি-বালু। পাওয়ার ক্রাশার দিয়ে ইট ভেঙে খোয়া বানানো হচ্ছে। সেই খোয়ার সঙ্গে মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করছে দুটি বুলডোজার। এরপর সেই মিশ্রণ ট্রাকে তুলে দেওয়া হচ্ছে। সেই ট্রাক ছুটে যাচ্ছে গর্ত ভরাট করতে। নিচুমানের ইট আর মাটির এই মিশ্রণ গুঁড়া হয়ে সড়ক লাল রং ধারণ করেছে। মেরামতকারী প্রতিষ্ঠানের পানিবাহী ট্রাক কিছুক্ষণÿপরপর সড়কটি ভিজিয়ে দিয়ে যাচ্ছে ধুলা বন্ধ করতে।
চান্দনা থেকে ঝাঁকি খেতে খেতে সালনায় এসে হঠাৎ যেন সড়ক বিলীন হয়ে গেল। পথ ভুল করে যেন নির্মাণসামগ্রীর স্তূপে এসে পড়ল আমাদের মাইক্রোবাস। চারদিকেই লাল মাটি আর কাদা, তার ওপরে ইট আর বালুর স্তূপ।
সালানা থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত দেখা গেল কোথাও কালভার্ট তৈরি হচ্ছে, কোথাও পিচঢালাই চলছে। এ কারণে মহাসড়কটি কোথাও কোথাও সরু হয়ে পড়েছে। সালনার মিষ্টি দোকানদার রহমান মিয়া বলেন, ‘এক কালভার্ট বানাইতে কত দিন ধইরা জায়গাটা খুঁইড়া রাখছে। কাজই শেষ হয় না। গাড়ি-ঘোড়াও ভালোমতো চলতে পারে না। আর আমাগো ধুলা আর কাদায় গড়াগড়ি খাইতে হয়।’
ধুলায় ধূসরিত রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড পার হতেই আবার পিচঢালা মসৃণ সড়ক। আমাদের গাড়িটা যেন উড়ে চলল। কিন্তু দুই কিলোমিটার না পেরোতেই একটি বড় গর্ত। এরপর আবার এবড়োখেবড়ো রাস্তায় ‘ঘটর’ ‘ঘটর’ শব্দ করতে করতে গাড়ি এগোল ২০ থেকে ৩০ কিলোমিটার (প্রতি ঘণ্টা) গতিবেগে। চালকের চোখেমুখে চরম বিরক্তি।
শ্রীপুর অংশে ঢুকতে দেখা গেল বড় ট্রাক দিয়ে সড়কে পানি ছিটানো হচ্ছে। তবু ধুলা মরছে না। মাওনা পর্যন্ত মোটামুটি ভালোই রাস্তাটি। তবে মাওনা এসেই রাস্তার মাঝে ছোটখাটো মাটির টিলা। চলছে উড়ালসেতুর (ফ্লাইওভার) নির্মাণকাজ। মাওনা বাজারের এবড়োখেবড়ো আর নানা আকারের গর্তে ভরা রাস্তায় উল্টাপাল্টা গাড়ি রাখার ফলে যানজট। সেই জট ঠেলে বাজার পার হয়ে দেখা গেল বহুল প্রতীক্ষিত চার লেন, পুরোটাতেই গাড়ি চলছে। জৈনা বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার গাড়ি এগোল ভালোই। এরপর আবারও কিছুটা ভাঙা রাস্তা। এভাবে মাস্টারবাড়ী পর্যন্ত থেকে আবার চার লেন ধরেই গাড়ি চলতে দেখা গেল।
সিডস্টোর এলাকায় পুরোনো রাস্তাটা একেবারেই বিলীন। নতুন রাস্তা ধরে গাড়ি চলছে। ভালুকা পৌরসভার বাগড়াপাড়া এলাকায় দেখা গেল, রাস্তার মাঝে বড় বড় গর্তগুলো ইট আর মাটির মিশ্রণ দিয়ে ভরাট করা হচ্ছে। কয়েকজন যুবক লাঠি হাতে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। চালকেরা জানালেন, যে রকম নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, এক পসলা ভারী বৃষ্টি হলেই সব ধুয়ে যাবে।
ভালুকা পার হয়ে ময়মনসিংহ পর্যন্ত ২০-২৫ কিলোমিটার রাস্তা ভালো। তবে ত্রিশাল বাজারের প্রায় এক কিলোমিটার রাস্তার এক পাশে শুধু ইট বিছানো (হেরিংবন্ড), আরেক পাশে থকথক করছে লাল কাদা।
বিকেল চারটায় ময়মনসিংহ পৌঁছে প্রতিবেদন লিখতে বসলাম। সহকর্মী সাজিদ হোসেনও পথে পথে তোলা তাঁর সব ছবি ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে পাঠাতে বসে পড়লেন। কাজ শেষ করে একই পথে ময়মনসিংহের নতুনবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করলাম। রাত ১১টায় ঢাকার কারওয়ান বাজারে পৌঁছালাম। তবে রাত সাড়ে নয়টার দিকে জয়দেবপুর চৌরাস্তা পার হওয়ার সময় সকালের সেই বিকল কাভার্ড ভ্যানটিকে আগের জায়গায়ই পড়ে থাকতে দেখলাম। চালক বা তাঁর সহকারীকে তাৎক্ষণিকভাবে খুঁজে পেলাম না।