>বেহাল সড়ক—৪৫
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

জামালপুর পৌরসভার ১২৫ কিলোমিটার পাকা সড়কের মধ্যে প্রায় ৬০ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইট, বালু ও পিচঢালাই উঠে সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের কাজ নিম্নমানের হওয়ার কিছুদিন যেতে না যেতেই সড়কগুলো বেহাল হয়ে পড়ে।
পৌরসভা সূত্র জানায়, জামালপুর পৌরসভা ১৯৯৩ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌরসভার ১২৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ৬০ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ। সর্বশেষ ২০১৫ সালে বেশির ভাগ সড়ক সংস্কার করা হয়।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সড়কের পিচঢালাই উঠে ইট ও খোয়া বেরিয়ে পড়েছে। অনেক সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়ক কাদাপানিতে সয়লাব। এর মধ্য দিয়ে হেলেদুলে চলছে যানবাহন।
মালগুদাম সড়কের গেইটপাড় এলাকার ইজিবাইকস্ট্যান্ড মোড় অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। জামালপুর রেলস্টেশন পদচারী-সেতুর সামনে সড়কজুড়ে বড় গর্ত। একই অবস্থা মালগুদাম সড়কের বজ্রাপুর অংশে। লাঙ্গলজোড়া-গেইটপাড় সড়কের অবস্থাও বেহাল।
লাঙ্গলজোড়া এলাকার অটোরিকশাচালক মোখলেছুর রহমান বলেন, লাঙ্গলজোড়া-গেইটপাড় সড়কটি যে পাকা সড়ক, দেখলে তা বোঝা যায় না। এ বছরের বর্ষার সময় সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়। ১০ মিনিটের এ পথ যেতে ২০ থেকে ৩০ মিনিট লেগে যায়। প্রায় দিনই যানবাহন উল্টে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া ফুলবাড়িয়া-বাগেরহাটা, পালপাড়া-চালাপাড়া, মুকুন্দবাড়ী-চৌরাস্তা, ফুলতলা-বাইপাস, সিংহজানি হাইস্কুল, পশ্চিম নয়পাড়া-কলেজ রোড, বকুলতলা মোড় থেকে কলেজ রোড, কাচারিপাড়া-বসপাড়া, চামড়াগুদাম-পাঁচ রাস্তাসহ প্রভৃতি সড়কও খানাখন্দে ভরা।
শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৫ সালের শেষের দিকে অধিকাংশ সড়কে সংস্কারকাজ করে পৌরসভা কর্তৃপক্ষ। সড়ক সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এলেও কাজ নিম্নমানের হয়। তাই কিছুদিন যেতে না যেতেই সড়কগুলো আবারও খানাখন্দে ভরে যায়। বেশির ভাগ সড়কের দুই পাশে পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা না থাকায় পানি জমে সড়ক কয়েক মাসের মধ্যেই খারাপ হয়ে যায়।
ফুলতলা এলাকার বাসিন্দা আজগর আলী বলেন, শহরের প্রধান সড়কে সব সময় যানজট থাকায় ইসলামপুর, মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলার বেশির ভাগ যানবাহন ফুলতলা-বাইপাস সড়ক ব্যবহার করে। সংস্কারের তিন মাসের মধ্যেই সড়কটি ভেঙে খোয়া বেরিয়ে পড়ে। অনেক অংশে অসংখ্য বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এ সড়কটিতে হাঁটুসমান পানি জমে যায়।
মালগুদাম এলাকার ট্রাকচালক খোকন মিয়া বলেন, মালগুদাম এলাকায় ট্রাকস্ট্যান্ড হওয়ার কারণে এই সড়ক তাঁরা বেশি ব্যবহার করেন। সড়কটি দিয়ে এখন ট্রাক নিয়ে চলাচল করা যায় না। বড় বড় গর্তের কারণে ট্রাক উল্টে যাওয়ার উপক্রম হয়।
জামালপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোস্তফা কামাল বলেন, ২০১৫ সালে সংস্কারের সময় কিছু সড়কের কাজ নিম্নমানের হতে পারে। তবে সড়কগুলোর পানি নিষ্কাশনব্যবস্থা খারাপ হওয়ায় সড়কগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, তিনি নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। সড়কের বেহাল অবস্থা নিয়ে বাসিন্দাদের অভিযোগ পেয়েছেন। ওই সব সড়ক নতুন করে সংস্কারের মতো বাজেট এই মুহূর্তে পৌরসভায় নেই। তবে সড়কগুলো সংস্কারের জন্য পরিকল্পনা চলছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।