এভাবে কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাসনালয়েও ভীতি নিয়ে প্রার্থনা করতে হচ্ছে। পুলিশ প্রহরায় পুরোহিতেরা মন্দিরে আসা-যাওয়া করছেন। কিন্তু এভাবে কত দিন? মন্দিরের প্রতিমা ভাঙচুর, সেবক হত্যা ও পুরোহিতদের ওপর হামলা, প্রাণনাশের হুমকি—এমন পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন হিন্দু নেতারা।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এক্সপেরিমেন্টাল মিলনায়তনে আজ শুক্রবার বেলা ১১টায় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুরোহিতদের হুমকি ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিন্দু নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে গেছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু নেতা ও পুরোহিতদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। উপাসনালয়ে গিয়েও ভীতির মধ্য দিয়ে তাঁদের প্রার্থনা করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে হুমকিদাতাসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা।
মহাজোট এর সভাপতি প্রভাস চন্দ্র রায় বলেন, ‘নিরাপত্তা দিতে পুলিশ পুরোহিতদের সঙ্গে মন্দিরে যাচ্ছে, সেখানে থাকছে। পূজা শেষে পুরোহিতকে বাড়ি ফিরিয়ে আনছে। কিন্তু এভাবে আর কত দিন?’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাজোট এর প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় হিন্দু নেতা ও পুরোহিতদের মুঠো ফোন, চিঠি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হিন্দু সম্প্রদায়কে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, হিন্দু মন্দির, বাড়ি ভাঙলে শাস্তি হয় না। এই সংস্কৃতি থেকে বের হতে না পারলে দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে না।
সংগঠনের মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি মিনা দেবী ছেত্রী, সাধারণ সম্পাদক বনানী বিশ্বাস প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা কমিশন, আসন্ন দুর্গা পূজায় একদিনের পরিবর্তে তিন দিন সরকারি ছুটি ঘোষণা এবং জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসন ব্যবস্থা রাখার দাবি জানানো হয়।