এভাবে চললে টাকা খরচ করেও পানি মিলবে না: আশরাফ

প্রতিনিয়ত সুপেয় পানির উৎসগুলো নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে শত শত কোটি টাকা খরচ করেও পানি পাওয়া যাবে না। পানি শোধন প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল। সে কারণে পানি সাশ্রয়ের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। গতকাল বুধবার চট্টগ্রাম ওয়াসা আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মদুনাঘাট পানি শোধনাগার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়াসা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পটি নির্মাণ করছে ওয়াসা। ২০১৯ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সরকারসচিব আবদুল মালেক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পুকুর, খাল-বিল, নদী দখল করে স্থাপনা হচ্ছে, পানি দূষণ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে সুপেয় পানি আর পাওয়া যাবে না। পানি শোধন তেল শোধনের চেয়েও ব্যয়বহুল। পানির অপর নাম জীবন, এটি মুখে বলা হলেও সেভাবে বিষয়টি উপলব্ধি করা হয় না। তিনি বলেন, পানি নিয়ে দলীয়করণ বা বৈষম্যর কোনো সুযোগ নেই। কারণ পানি সবার সমানভাবে প্রয়োজন। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তাদেরও পানি নিয়ে চিন্তা করতে হবে।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রাম নগরের বাড়তি জনসংখ্যার কথা বিবেচনা করে ওয়াসাকে এখন থেকেই পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ করতে হবে।
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে পানির বিভিন্ন ধরনের প্রাকৃতিক উৎসগুলোকে সংরক্ষণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, মদুনাঘাট পানি প্রকল্প বাস্তবায়িত হলে আরও নয় কোটি লিটার পানি যোগ হবে।
পানির প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক কারণে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, সে বিষয়ে সহায়তার আশ্বাস দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।