এভাবে চলে যেতে নেই

ছেলেটির নাম রাফি আমীন; ডাকনাম ধ্রুব (১৭)। সে ছিল শান্তশিষ্ট, ভদ্র ও মেধাবী। সবাইকে কাঁদিয়ে গতকাল শনিবার না-ফেরার দেশে চলে গেল রাফি।
চুয়াডাঙ্গার সরকারি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা বেলাল উদ্দিন এবং সরকারি কলেজের শিক্ষক ফারজানা কেতকী দম্পতির প্রথম সন্তান রাফি। গতকাল দুপুরে দুই বন্ধুর সঙ্গে পৌর শহরের দিগড়ী মহল্লার একটি বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে।
ঘটনার সময় উপস্থিত দুই বন্ধুর বরাত দিয়ে অপর দুই বন্ধু ফরহাদুজ্জামান ও সাইমুম শাহরিয়ার জানায়, রাফি চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। শনিবার বেলা সাড়ে ১২টায় দুই বন্ধু মাহমুদুল রাব্বী ও আসিফ শাহরিয়ারের সঙ্গে সাইকেলে করে সে দিগড়ী বিল এলাকায় যায়। এরপর রাফি ও আসিফ বিলের জলে নামে। এ সময় দুই বন্ধুর ছবি মুঠোফোনে ভিডিও করছিল মাহমুদুল। বিলের পাড় থেকে একটু ভেতরে নামলে রাফি পানিতে ডুবে যায়। আসিফ বন্ধুকে পানি থেকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় মাহমুদুল আশপাশের লোকজন ডেকে আনলে তারা এসে রাফিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।