এভাবে নেতাদের আটক প্রত্যাশিত নয়: হানিফ
সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের ঘটনায় পুলিশ আরও কৌশলী হতে পারত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘তারা (পুলিশ) এ পর্যায়ে না গেলেই আমরা খুশি হতাম। রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়।’গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থানকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন হানিফ।হানিফ দাবি করেন, হরতাল দেওয়ার জন্য বিএনপি সুপরিকল্পিতভাবে নিজেদের সমাবেশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি বলেন, সরকার বিরোধী দল দমনের পথে হাঁটেনি, সন্ত্রাস দমন করছে মাত্র। অতীতে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বহুবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে, গুলি করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদকে লালন করেছে। তাদের ডাকা হরতাল স্বতঃস্ফূর্ত নয়। আতঙ্ক সৃষ্টি করে হরতাল পালনে জনগণকে বাধ্য করা হয়েছে।বিএনপির সম্মেলন স্থগিত করার বিষয়ে হানিফ বলেন, ‘১৯ মার্চ সম্মেলন করার মতো কোনো প্রস্তুতি বিএনপির নেই। এখন তারা অজুহাত দাঁড় করিয়ে সম্মেলন স্থগিত করেছে। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।