এভাবে প্রাণ গেল মা-মেয়ের!
রাজধানীর যাত্রাবাড়ী থানার পূর্ব শেখদি এলাকায় এক বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় জোসনা বেগম (৪০) ও সাজেদা বেগম (৪০) নামের অপর দুই নারী দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মা-মেয়ে হলেন শাহানারা (৪০) ও শারমিন (১৩)। দগ্ধ জোসনা বেগমের ছেলে দ্বীন ইসলাম প্রথম আলোকে বলেন, তিনতলার ছাদে ভবনটির এক খুঁটির পাশ দিয়ে বৈদ্যুতিক তারের লাইন রয়েছে। কাপড় শুকানোর তার সরিয়ে ঠিক করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় তার মা জোসনা বেগম এবং অপর এক নারী তাদের উদ্ধার করতে গেলে দুজনই গুরুতর দগ্ধ হন।
মৃত শাহানারার স্বামীর নাম দেলোয়ার হোসেন। তাঁরা ওই ভবনের ভাড়াটে। হাসপাতালে চিকিৎসাধীন জোসনা বেগম ও সাজেদা বেগম একই ভবনে ভাড়া থাকেন।