এভাবে বৃষ্টি হবে আরও দুই দিন
রাজধানীতে আজ সারা দিনে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এর সঙ্গে বজ্রপাতও ছিল। দিনের অনেকটা সময় রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি আরও দুদিন চলবে। শুধু রাজধানীতে নয়, দেশের বেশির ভাগ এলাকায় এমনটা হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে। এ জন্য ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। বৃষ্টির এই ধারা আরও দুই দিন থাকতে পারে।
বৃষ্টি তুলনামূলক বেশি হচ্ছে দেশের দক্ষিণ-পূর্ব এলাকার উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে। আজ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। দক্ষিণ-পূর্বাঞ্চলের মাইজদীতে ১০৬, ফেনীতে ৯৬, সাগর উপকূল খেপুপাড়ায় ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৯, বরিশালে ৫৬, সিলেটে ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু সারা দেশের ওপরই সক্রিয় রয়েছে। এ কারণে আগামী বুধবার পর্যন্ত এভাবে বৃষ্টি হতে পারে।
কেবল মৌসুমি বায়ু নয়, পশ্চিমা বাতাসের প্রভাবেও এই বৃষ্টিপাত হচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদ ও আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে নিম্নচাপ দেশের স্থলভাগের ওপর দিয়ে বয়ে যায়। এর প্রভাবটা এখনো কিছুটা রয়ে গেছে। এ ছাড়া মৌসুমি বায়ুর সঙ্গে পশ্চিমা বাতাসের মিশ্রণ হয়েছে। এ কারণে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে।