এভাবেই বিয়ে ঠেকালো বন্ধনা!
বিয়েতে সম্মত ছিল না ১৪ বছরের বন্ধনা দাস। কিন্তু আপত্তি সত্ত্বেও তাঁকে বিয়ে দিতে অনড় তার মা। অগত্যা আত্মহত্যা করে নিজের ঠেকিয়ে দিল সে।গতকাল সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বন্ধনা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামে।বন্ধনার মামা তারক দাস জানান, বন্ধনার বাবা বিষ্ণু দাস কয়েক বছর আগে স্ত্রী-সন্তান রেখে ভারতে চলে যান। এরপর থেকে তাঁর (তারক) বোন নিরা দাস একমাত্র সন্তান বন্ধনাকে নিয়ে আছেন। নিরাদাস নুরনগর বাজার ঝাড়ু দিয়ে আর মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন কাটাচ্ছিলেন। সমপ্রতি বন্ধনার জন্য বিয়ের প্রস্তাব পাঠান প্রতিবেশি শম্ভু দাসের ছেলে সুশান্ত দাস। এতে রাজি হয়ে যান নিরা দাস। কিন্তু বিয়েতে বাঁধ সাধে বন্ধনা। তার আপত্তি, ছেলেটি মাদকাসক্ত এবং সে এই বয়সে বিয়ে করবে না। একথা সে মাকে জানিয়ে দেয়। কিন্তু মেয়ের আপত্তি উপেক্ষা করে গত রোববার সন্ধ্যায় বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের দিন নির্ধারিত হয় আগামী শনিবার। এতে ক্ষুদ্ধ হয়ে বন্ধনা আত্মহত্যার হুমকি দেয়। গতকাল সকাল ৮টার দিকে মা বাজার ঝাড়ু দিতে যাওয়ার পর সে আত্মহত্যা করে।বন্ধনার মা নিরা দাস জানান, সংসারে অভাবের কথা চিন্তা করেই বিয়েতে রাজি হয়েছিলেন। তবে মেয়ে আত্মহত্যার পথ বেছে নেবে তা তিনি বুঝে উঠতে পারেননি।শ্যামনগর থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।