এভারেস্ট বিজয়ী মুহিতকে নিজের জেলায় সংবর্ধনা
এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিত বলেছেন, এ দেশের প্রতিটি তরুণ এভারেস্ট বিজয় করতে পারে। সে সামর্থ্য তাদের আছে। গতকাল বৃহস্পতিবার ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা এবং সংস্কৃতিকর্মী ও শিশুদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।গতকাল ভোরে মুহিত নিজের জন্মভূমি ভোলায় এসে পৌঁছান। এরপর ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন দিনভর। পরিচিত ছেলেটিকে আরেকবার দেখার জন্য ভিড় করেন সবাই। তুমুল বর্ষণের মধ্যে বেলা ১১টায় ভোলা সরকারি কলেজের ছাত্র-শিক্ষকেরা তাঁকে অভিনন্দন জানান।বিকেল ৪টায় ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে মুহিতকে সংবর্ধনা দেয় প্রথম আলো বন্ধুসভা, ভোলা আবৃত্তি সংসদ ও শাহবাজপুর থিয়েটার। এ সময় তাঁর হাতে তুলে দেওয়া হয় বই। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, সঙ্গীতশিল্পী হাসান মাহমুদ, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর সভাপতি অমিতাভ অপু, ভোলা আবৃত্তি সংসদের সভাপতি শামস উল আলম মিঠু, শাহবাজপুর থিয়েটারের সভাপতি আবু সাঈদ লিটন, বন্ধুসভার আহ্বায়ক হেমায়েত উদ্দিন প্রমুখ।