প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চার এভারেস্ট বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন তাঁদের বীরত্ব ও আত্মবিশ্বাস আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এভারেস্ট বিজয়ীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আশা করি, নতুন প্রজন্ম তাঁদের অনুসরণ করবে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। কারণ, এ লক্ষ্যেই ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল।’ প্রধানমন্ত্রী এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম ও দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিতের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমাদের দেশের দুই তরুণী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের সাফল্যেও আমি খুবই আনন্দিত। তাঁদের এ সাফল্য আমাদের নারী জাতির অগ্রগতি প্রমাণ করেছে।’শেখ হাসিনা বলেন, জাতি হিসেবে আমাদের অনেক অর্জন রয়েছে এবং জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করায় এসব অর্জন সম্ভব হয়েছে। জাতীয় অগ্রগতিতে নারীরা অনেক অবদান রাখছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অতীতেও বেগম রোকেয়া, প্রীতিলতা ও কবি সুফিয়া কামালের মতো অনেক খ্যাতনামা নারী জাতীয় মুক্তি ও নারী জাগরণে অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর প্রতিটি চিন্তা ও কর্মকাণ্ডে আমার মা ফজিলাতুন্নেসার বিরাট ভূমিকা ছিল।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চীেধুরী বক্তৃতা করেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এভারেস্ট বিজয়ীদের প্রশংসা করে স্বরচিত ছড়া পাঠ করে শোনান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও এসআই টুটুল সংগীত এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্যনাট্য পরিবেশন করেন। মুসা ইব্রাহীমের এক অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পর্বত অভিযানের ব্যাপারে জনগণকে জানাতে একটি মাউন্টেইনার ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয় বিবেচনার আশ্বাস দেন। দেশের অগ্রগতির পথে প্রতিটি বাধা মোকাবিলায় নতুন প্রজন্ম আরও অনেক বেশি আস্থাশীল হবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শিক্ষা ও জ্ঞানের আলোয় আলোকিত হবে এবং বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রধানমন্ত্রী এভারেস্ট বিজয়ী প্রত্যেককে ক্রেস্ট এবং এক লাখ টাকার সম্মানসূচক চেক হস্তান্তর করেন। বাসস।