এভারেস্ট বিজয়ে রওনা হচ্ছেন নিশাত
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশিখর এভারেস্ট বিজয়ে রওনা হচ্ছেন নিশাত মজুমদার। সঙ্গে থাকবেন ইতিমধ্যে এভারেস্টে পদচিহ্ন এঁকে দেওয়া এম এ মুহিত। বাংলাদেশের নারী ও পুরুষের এটাই প্রথম এভারেস্ট জয়ে যুগ্ম অভিযান।গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় দুই অভিযাত্রীর হাতে। এতে উপস্থিত সুধীজন বলেন, তাঁদের পেছনে সমর্থন ও শুভকামনা থাকবে পুরো দেশের।নিশাত মজুমদার ও এম এ মুহিতের হাতে লাল-সবুজ পতাকা তুলে দেন লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বাঙালি মেয়ের এই পর্বতযাত্রা বাংলাদেশের তরুণ প্রজন্মের অদম্য শক্তির অনন্য উদাহরণ। এই মুহূর্তে তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দিয়ে প্রবীণদের পেছনে চলে যাওয়ার সময় এসেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আজ আমরা মুহিত-নিশাতের হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দিলাম এভারেস্ট জয় করতে।’এভারেস্টের দুর্গম ও বিপৎসংকুল পথে যাত্রা শুরুর আগে দেশবাসীর কাছে দোয়া চান নিশাত।গত বছর তিব্বত রুটে এভারেস্টে আরোহণ করা এম এ মুহিত জানান, তাঁরা আগামী ৬ এপ্রিল চূড়ার পথে যাত্রা শুরু করবেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্যারাগন গ্রুপের প্রধান সমন্বয়কারী মঞ্জুর ই এলাহী, মাছরাঙা টেলিভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল মজিদ মাহমুদ প্রমুখ।