এভারেস্ট বিজয়ের গল্প শোনালেন নিশাত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থীকে এভারেস্ট জয়ের গল্প শোনালেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। এ সময় দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিশাতকে অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকেল সোয়া চারটায় প্রথম ছাত্রী হলের উদ্যোগে ‘এভারেস্ট জয়ের গল্প ও মার্শাল আর্টে ছাত্রীদের অগ্রযাত্রা’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াসউদ্দিন বিশ্বাস। প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। এ ছাড়া মার্শাল আর্টের প্রশিক্ষক ডি এম আশরাফুল ইসলাম ও বেল্টপ্রাপ্ত প্রশিক্ষণার্থী ফারহানা ফেরদৌস বক্তৃতা করেন। নিশাত মজুমদার বলেন, ‘অসাধ্য বলে কিছু নেই। আমার কাছে যদি ভালো-খারাপ, ন্যায়-অন্যায় বিষয়গুলো স্পষ্ট থাকে, তাহলে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে কাজ করে যেতে হবে। লোকে কী বলল, সেটা দেখার দরকার নেই।’ তিনি আরও বলেন, ‘স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে সফল করতে কাজ করে যেতে হবে। সবাইকে শুধু যে এভারেস্ট বিজয় করতে হবে, তা কিন্তু নয়। বরং একজন মানুষ যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়টি নিয়ে কাজ করলে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’ এ সময় নিশাত মজুমদার এভারেস্ট অভিযানকালীন আলোকচিত্রের সমন্বয়ে শিক্ষার্থীদের স্লাইড শোর মাধ্যমে ‘এভারেস্ট জয়ের গল্প’ শোনান। পরে নিশাতের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন ছাত্রী হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী। লেখক মুহম্মদ জাফর ইকবাল নিশাতকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি চাই, আমাদের ছেলেমেয়েরা নিশাতকে দেখে অনুপ্রাণিত হোক। বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাডভাঞ্চার ক্লাব হোক। এই ক্লাবে যাতে দেশের বিভিন্ন অঞ্চলের ছেলেমেয়েরা এসে প্রশিক্ষণ নিয়ে এভারেস্ট অভিযানে যায়—সেটাও প্রত্যাশা করছি।’ নিশাতকে বিনয়ী উল্লেখ করে মুহমঞ্চদ জাফর ইকবাল বলেন, ‘নিশাত আগেই এভারেস্ট জয় করতে পারত। যখন মুহিত এবং ও দুজন মিলে প্রথমে এভারেস্ট অভিযানে যায়, তখন মুহিতের অক্সিজেন শেষ হয়ে গেলে নিশাত তাঁর নিজের অক্সিজেন মুহিতকে দিয়ে নিচে নেমে আসে। নিশাতের এই যে বিনয়, সেটাও তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি মো. ইলিয়াসউদ্দিন বিশ্বাস বলেন, ‘বাঙালি নারীরা ক্রমশ এগিয়ে যাচ্ছেন। এ বছর এভারেস্ট ও সমুদ্র বিজয়ের ক্ষেত্রে দুই নারীর ভূমিকা আমরা জানি। এ দেশে নারীদের সাফল্যের পথ খুব সহজ নয়। তাই নারীদের সাফল্যে আমরা খুব খুশি হই।’ সবশেষে বিশ্ববিদ্যালয়ের মার্শাল আর্ট ক্যাম্পে অংশ নেওয়া ২৬ জন ছাত্রীকে বেল্ট দেওয়া হয়।