এভারেস্টজয়ী মুসার নাগরিক সংবর্ধনা
সূর্য ঢলে পড়েছে পশ্চিমে। গাছপালার ওপর দিয়ে তার কিরণ এসে পড়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবর খোলা মঞ্চ ঘিরে সমবেত লোকজনের গায়ে। মঞ্চে দুর্গম গিরি বলে খ্যাত পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের ছবি। সেই শৃঙ্গে যিনি উড়িয়ে এসেছেন লাল-সবুজ পতাকা, দেশের কৃতী সন্তান সেই মুসা ইব্রাহীম তখন মাইক্রোফোন হাতে সবার সামনে দাঁড়িয়ে। এভারেস্ট জয়ের গল্প শোনাচ্ছেন তিনি। পদে পদে মৃত্যুর ঝুঁকি। কত শত প্রতিকূলতা। একে একে সব অতিক্রম করে অদম্য মনোবল নিয়ে এগিয়ে চলেছেন তিনি। শ্রোতারা তন্ময় হয়ে শুনছিলেন সেই কাহিনি। দেশের মানুষ ২৩ মে ভোর পাঁচটা পাঁচ মিনিটে মুসা ইব্রাহীমকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে পারেননি, যখন তিনি বিশ্বের সর্বোচ্চ গিরিশৃঙ্গে লাল-সবুজ পতাকা ওড়াচ্ছিলেন। কিন্তু গল্পে গল্পে যখন বললেন, ‘এভারেস্টের চূড়ায় যখন পা রাখলাম, তখন মনে হয়েছিল, এ বিজয় আমার দেশের ১৬ কোটি মানুষের বিজয়।’ তখন নীরব শ্রোতারা আর নিষ্ক্রিয় থাকতে পারেননি। স্বতঃস্ফূর্তভাবে বিপুল করতালিতে মুখর করে তুলেছিলেন বিকেলের মৌনতা। যেন দিব্যদৃষ্টিতে তাঁরা দেখতে পাচ্ছিলেন, দেশের ছেলে দেশের পতাকা ওড়াচ্ছেন দুর্জয় এভারেস্টের চূড়ায়। মুসা তাঁঁর এভারেস্ট বিজয়ের গল্প শোনাচ্ছিলেন গতকাল বৃহস্পতিবার তাঁর জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনায়। সংবর্ধনা পরিষদের আহ্বায়ক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছিল বিকেল চারটায়। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘মুসা, আজকের দিনের হিরো। তাঁকে অভিনন্দন। ইদানীং ভালো খবর খুব কমই পাই। এমন পরিস্থিতিতে মুসার এভারেস্ট বিজয়ের খবর আশা জাগিয়েছে।’ অভিনন্দনপত্র পাঠ করে এ সংবর্ধনা অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এভারেস্ট এখন আর আমাদের কাছে দুর্গম গিরি নয়। আমরা তাকে জয় করেছি। অদম্য ইচ্ছা থাকলে যে পাহাড়সমান প্রতিকূলতা, বিরূপ প্রকৃতি, কিছুই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মুসা ইব্রাহীম তা প্রমাণ করেছে।’দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা সংবর্ধনায় এসেছিলেন এভারেস্টজয়ী মুসাকে অভিনন্দন জানাতে। তাঁরা হলেন: অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, কবি নির্মলেন্দু গুণ, মুহম্মদ জাফর ইকবাল, ইয়াসমিন হক, মতিউর রহমান, মাহফুজ আনাম, নাসির উদ্দীন ইউসুফ, ফয়সল খান, শিশির ভট্টাচার্য্য, কাজী হামিদুল হক, মোহিত কামাল, খালেদ মাসুদ পাইলট, শাহ আলম, এনাম তালুকদার, আনিসুল হক, সুমনা শারমীন, মুনির হাসান, সাইদুজ্জামান। গান গেয়েছেন আইয়ুব বাচ্চু, শুভ্র দেব, আসিফ আকবর, মেহ্রীন ও মাহমুদুজ্জামান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুন নূর তুষার।বক্তারা বলেন, মুসা সম্পূর্ণ ব্যক্তিগত চেষ্টায় হিমালয় জয় করে প্রমাণ করেছেন, অদম্য ইচ্ছার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মুসা আজ তারুণ্যের প্রেরণা। এ তরুণেরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। গানে-আলোচনায় গল্পে জমে উঠেছিল অনুষ্ঠান। মাঝেমাঝেই ফুল দিয়ে মুসা ইব্রাহীমকে অভিনন্দন জানানোর পালা। বাদ পড়েননি তাঁর পরিবারের সদস্যরাও। একসময় পুত্র ওয়াসি ইব্রাহীমকে কোলে নিয়ে মঞ্চে এসে দাঁড়ালেন মুসা ইব্রাহীমের স্ত্রী, ময়মনসিংহের সহকারী জজ উম্মে সরাবন তহুরা, মুসার বাবা মো. আনসার আলী, মা বিলকিস বেগম, শ্বশুর শামসুল হক, শাশুড়ি সেহেলী হক, বোন নূর আয়েশা ও ভগ্নিপতি রাশিদুল হাসান। বিপুল করতালির সঙ্গে ফুল দিয়ে অভিনন্দিত করা হলো তাঁদের। অনুষ্ঠানে ফুল ও অভিনন্দন স্মারক মুসার হাতে তুলে দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, চ্যানেল আই, শিশু কল্যাণ ফাউন্ডেশন, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা।মুসার বাবা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা ধারণা করতে পারিনি, সে এভারেস্টে উঠতে পারবে। ছোটবেলা কোনো কাজ করতে চাইলে তা সে করে ফেলত থেকেই তার মধ্যে এমন মনোভাব ছিল। দেশের জন্য সে যে গৌরব বয়ে এনেছে, এতে আমরাও আনন্দিত।’ স্ত্রী সরাবন তহুরা বলেন, ‘মুসার জীবনের লক্ষ্য ছিল এভারেস্টে ওঠা। তা সে পূরণ করতে পেরেছে। আজ আমরা সবাই মিলে এ আনন্দে শামিল হতে পেরে ভালো লাগছে।’মুসা সমবেত শ্রোতাদের বলছিলেন, এবার তিনি চান বাংলাদেশের মেয়ে উঠুক এভারেস্টের চূড়ায়। বললেন, বিপর্যয়ের মুখে পড়েছে দেশের পরিবেশ। পরিবেশ দূষণমুক্ত রাখতে আহ্বান জানালেন কাজ করতে। আর তরুণদের প্রতি আহ্বান জানালেন মাদককে ‘না’ বলার জন্য। দুই হাত উঁচিয়ে শ্রোতারা প্রতিশ্রুতি দিলেন। অনুষ্ঠান তো শেষ। কিন্তু তার পরও যেন শেষ হলো না। শ্রোতারা এবার বাঁধভাঙা জোয়ারের মতো ছুটে এলেন এভারেস্টজয়ীর নিবিড় সান্নিধ্য লাভের জন্য। মুহূর্তটিকে ধরে রাখতে মুঠোফোনে তো ক্যামেরা আছেই। কাজেই সেই পর্ব চলছিল আরও অনেকটা সময় ধরে।