এভারেস্টজয়ী মুহিত আজ কাঠমান্ডু পৌঁছাবেন
এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিত আজ বুধবার বিকেল নাগাদ কাঠমান্ডু এসে পৌঁছাবেন। মুহিতের পরিবার ও তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, মুহিত গতকাল মঙ্গলবার অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্পে নেমেছেন। সেখান থেকে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।মুহিত বাংলা মাউন্টেনিয়ারিং ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য। বিএমটিসির সভাপতি ইনাম আল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মুহিত মঙ্গলবার বেস ক্যাম্পে নেমে এসেছেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁর সঙ্গে আমার মোবাইলে কথা হয়েছে। মুহিত জানিয়েছেন, কাল (বুধবার) বিকেল বা সন্ধ্যা নাগাদ তিনি কাঠমান্ডু পৌঁছাবেন। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস হয়তো কোনো অনুষ্ঠানের আয়োজন করবে। সম্ভবত ২৮ বা ২৯ তারিখে মুহিত দেশে ফিরবেন।’মুহিতের বাবা মনোয়ার হোসেন রাতে প্রথম আলোকে জানান, বিকেলে মুহিতের সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছে। মুহিত ও নেপালি নাগরিক প্রেমবা গত শনিবার এভারেস্টের চূড়ায় ওঠেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় নেপাল দূতাবাস বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।গত বছর ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। মুহিত দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবার এভারেস্ট জয় করলেন।