এম আর খানকে শেষ শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মরদেহ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে সেখানে সমাজের সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান l ছবি: প্রথম আলো
জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মরদেহ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে সেখানে সমাজের সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান l ছবি: প্রথম আলো

সারা দিন কনকনে হাওয়া আর ইলশেগুঁড়ি বৃষ্টি। বিরূপ আবহাওয়াতেও গতকাল রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রিয় চিকিৎসককে শেষ শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে এসেছিল অসংখ্য মানুষ। কেউ ফুলের মালা নিয়ে এসেছেন, কেউ পুষ্পস্তবক নামিয়ে রাখছিলেন তাঁর সামনে।
বাংলাদেশের শিশুরোগ চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক এম আর খানের মরদেহের কফিন দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা জানাতে আসা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশকে তিনি যা দিয়েছেন, তার তুলনা নেই। তিনি শুধু একজন মহান চিকিৎসকই ছিলেন না, মহান সমাজসেবকও ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে তাঁর যে অবদান, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ তা স্মরণ করবে।’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘সত্যিকার অর্থে আমরা একজন দেশপ্রেমিক ও গুণী মানুষকে হারালাম।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নবীন প্রজন্মের চিকিৎসকেরা তাঁর পদাঙ্ক ও আদর্শ অনুসরণ করবে। তিনি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করে গেছেন, নতুন প্রজন্ম যেন সেই পথ ধরে এগিয়ে যায়। শ্রদ্ধা জানাতে এসে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক রুহুল আমিন বলেন, ‘আমি তাঁর ছাত্র ছিলাম। মানুষ হিসেবে তাঁর গুণগুলো ছিল অনন্য।’
এম আর খানের নামে চিকিৎসাবিজ্ঞানে নিয়োজিত কোনো প্রতিষ্ঠানের নামকরণ করার প্রস্তাব দেন বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি আবুল বারকাত।
মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ।
এর আগে গতকাল সকালে প্রয়াত এম আর খানের প্রথম জানাজা হয় সকাল সাড়ে ১০টায় রাজধানীর গ্রিনরোডে তাঁরই প্রতিষ্ঠিত সেন্ট্রাল হাসপাতালে। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বেলা সাড়ে ১১টায় তাঁর মরদেহ নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল হাসপাতালে তাঁর জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।