এম আর খানের অবদানের তুলনা নেই: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার দুপুরে জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: জাহিদুল করিম
কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার দুপুরে জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: জাহিদুল করিম

এম আর খান দেশকে যা দিয়েছেন, তার তুলনা নেই। তিনি শুধু একজন মহান চিকিৎসকই ছিলেন না, তিনি একজন মহান সমাজসেবকও ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে তাঁর যে অবদান, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ তা স্মরণ করবে।

সদ্যপ্রয়াত এম আর খানের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে কথাগুলো বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও একুশে পদক পাওয়া এই ব্যক্তিত্বকে হারিয়ে আমরা সবাই শোকাহত।’

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এম আর খানের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ আয়োজন করে।

শ্রদ্ধা জানাতে এসেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমরা একজন দেশপ্রেমিক ও গুণী মানুষকে হারালাম।’

শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান প্রমুখ।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও চিকিৎসকদের সংগঠন শেষবারের মতো এম আর খানকে শ্রদ্ধা জানাতে আসে। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি আবুল বারকাত শ্রদ্ধা জানাতে এসে এম আর খানের স্মরণে চিকিৎসাবিজ্ঞানে নিয়োজিত কোনো প্রতিষ্ঠানের নাম তাঁর নামে করার প্রস্তাব দেন। এ ছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা মেডিকেল কলেজশিক্ষক সমিতি, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা কল্যাণ সমিতি, কুষ্টিয়ার মানবশক্তি উন্নয়ন কেন্দ্রসহ অসংখ্য সংগঠন এই গুণী মানুষকে শ্রদ্ধা জানায়।

বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক এম আর খানের প্রথম জানাজা আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা ও চিকিৎসকেরা তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বেলা আড়াইটায় মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বেলা সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে নিয়ে যাওয়া হচ্ছে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রসুলপুরে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এম আর খান। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সদালাপী ও মিষ্টভাষী এম আর খান কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। গত দেড় মাস তিনি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।