‘বর্তমান সমাজে মানুষ নিজ নিজ স্বার্থ নিয়েই ব্যস্ত। আত্মপ্রতিষ্ঠার জন্যই এখন সবাই সদাসচেষ্ট। এই আত্মকেন্দ্রিকতার যুগেও ডা. এম আর খান তাঁর কর্ম দিয়ে প্রমাণ দেখিয়ে যাচ্ছেন, তিনি সবার। সারা জীবন শিশুদের রোগ নির্ণয়ে নিবেদিতপ্রাণ এ ব্যক্তি একের পর এক সমাজসেবামূলক কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।’গতকাল শুক্রবার জাতীয় অধ্যাপক এম আর খানের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এভাবেই তাঁর কাজের মূল্যায়ন করেছেন। শিশুসেবা দিবস ২০১০ ও এম আর খানের ৮৩তম জন্মদিন উপলক্ষে নাগরিক সংবর্ধনা পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের এ কে এম এমদাদুল হক।বক্তারা বলেন, সমাজের অধিকাংশ মানুষই কোনো না কোনো রোগে আক্রান্ত। যান্ত্রিক জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে মানুষ শিশুদের দিকে মনোযোগ কম দিচ্ছে। কিন্তু সুস্থ শিশুই যে আগামীতে সুস্থ সমাজ উপহার দেবে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।অনুষ্ঠানে এম আর খান বলেন, মানুষ চিরঞ্জীব হয় না। নিজের ছোট্ট এ জীবনকে সুস্থ রাখতে হলে নিজেকেই সচেষ্ট হতে হবে। রাগ-ক্রোধ দমিয়ে রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ডেফোডিল ইউনিভার্সিটির উপাচার্য আমিনুল ইসলাম, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বাংলাদেশ মহিলা সাংবাদিক ফোরামের রাশিদা আমিন, মীর্জা মাজহারুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাপরিচালক এম ইকবাল আরসালান, গুলশান আরা, কাজী আবদুল ফাত্তাহ প্রমুখ।