এম আর খানের সুস্থতা কামনায় দোয়া

জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের সম্মেলন কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডা. এম আর খান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি তাঁর প্রতিষ্ঠিত সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এম আর খান সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
দোয়া মাহফিলে চিকিৎসক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তাঁরা এম আর খানের আশু সুস্থতা কামনা করেন।
দোয়া মাহফিলের পর সেখানে চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে ‘জন্মগত শিশু হৃদ্রোগ সমস্যা ও বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কার্ডিয়াক সার্জন এস আর খান, বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল হাসপাতালের ভাইস চেয়ারম্যান মতিওর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট নুরুন্নাহার ফাতেমা।
সেমিনারে দেশের শিশু হৃদ্রোগ পরিস্থিতি তুলে ধরেন চিকিৎসক এ কে এম মুসা খান। তিনি বলেন, দেশে জন্ম নেওয়া প্রতি এক হাজারটি শিশুর মধ্যে ৩৪ জন কোনো না কোনো জন্মগত রোগ নিয়ে জন্মায়। এর মধ্যে ২০ থেকে ২৫ জন জন্মগত হৃদ্রোগের সমস্যায় নিয়ে জন্মায়। শিশু রোগীদের ১০ থেকে ১২ জনই নিম্নবিত্ত পরিবারে জন্মায়। ফলে তাদের চিকিৎসা করানোর মতো সামর্থ্য পরিবারের থাকে না। এরা ধুঁকে ধুঁকে বা পরিবারের বোঝা হয়ে একসময় মারা যায়।
সেমিনার চাইল্ড হার্ট ট্রাস্টের কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আবদুস সালাম। তিনি বলেন, শিশুদের হৃদ্রোগের চিকিৎসা ব্যয়বহুল। অনেক পরিবারের পক্ষে তা মেটানো সম্ভব নয়। তিনি বলেন, ট্রাস্টের সদস্যরা তাঁদের জাকাতের টাকা এখানে দেন। সেই টাকা হৃদ্রোগে আক্রান্ত দরিদ্র শিশুদের চিকিৎসার জন্য দেওয়া হয়। ২০১৪ সালে এই ট্রাস্ট প্রতিষ্ঠার পর ৫০টির বেশি শিশুর চিকিৎসার জন্য অর্থসহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সেমিনারে বক্তারা শিশুদের চিকিৎসার জন্য যার যার সংগতি অনুযায়ী সহায়তা করতে আহ্বান জানান। তাঁরা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের জন্য কাজ করা সবারই দায়িত্ব।