এম ইউ আহমেদের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থক আইনজীবী এম ইউ আহমেদ নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন শোক ও প্রতিবাদ জানিয়েছে। কোনো কোনো সংগঠন এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এম আমীর-উল ইসলাম ও সদস্য-সচিব সুব্রত চৌধুরী এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছেন, মমতাজ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁরা পুলিশি হেফাজতে এই মৃত্যুর কারণে জনমনে ও আইনজীবী সমাজে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা নিরসনে এবং তাঁর সুচিকিৎসায় কোনো রকম ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বাংলাদেশ আইনজীবী আন্দোলনও বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল ও খেলাফত মজলিস এ ঘটনায় শোক প্রকাশ করেছে। ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, এম ইউ আহমেদ পুলিশি নির্যাতনে মারা গেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তসহ স্বরাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও পুলিশের মহাপরিদর্শকের পদত্যাগ দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন: সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, শামছুল আলম, কামরুল আহসান, সোহেল রানা প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর ও পৌর বিএনপি।