প্রয়াত আইনজীবী এম এ কুদ্দুসের শোকসভায় বক্তারা বলেছেন, এম এ কুদ্দুস ছিলেন জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা। ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও নানা গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির নেতা।
এম এ কুদ্দুস স্মরণে গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের ২ নম্বর হলে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ শোকসভার আয়োজন করে।
সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পাদনে এম এ কুদ্দুস উদ্যোগী ভূমিকা পালন করেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনজীবী সমাজের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি দেশের কমিউনিস্ট আন্দোলনেরও অগ্রসৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের প্রগতিশীল আন্দোলন ও আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আখতার-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের পাঠানো শোকবার্তা পড়ে শোনান আইনজীবী হাসান তারিক চৌধুরী। বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর। আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ এম এম আকাশ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আবদুল বাসেত মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।