এম এ জি ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘ভাসানী-ওসমানী স্মৃতি সংসদ’। গতকাল ১৬ ফেব্রুয়ারি ওসমানীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
গতকাল বিকেলে সিলেট নগরে ভাসানী-ওসমানী স্মৃতি সংসদ কার্যালয়ে সংসদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সমাজসেবী মো. জাহাঙ্গীর আলম ও মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। মহান মুক্তিযুদ্ধে ওসমানীর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অথচ আজও জাতীয়ভাবে পালিত হচ্ছে না তাঁর জন্ম-মৃত্যুবার্ষিকী।
বক্তারা ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনসহ ওই দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সকালে ‘বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ’ সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দোয়া মাহফিল ও দরগাহ গোরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে পুষ্পস্তবক অর্পণকালে সিলেট-২ আসনের সাংসদ ইয়াহিয়া চৌধুরী, সাবেক সাংসদ আশরাফ আলী, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মানিক চৌধুরী ও এমাদ উল্লাহ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।