এম এ রব বীর উত্তম গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল (অব.) এম এ রব বীর উত্তম গণগ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ গ্রন্থাগার ও জাদুঘরের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বীর উত্তম এম এ রবের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা সম্ভব হবে।এম এ রব বীর উত্তমের জন্মভূমি হবিগঞ্জের বানিয়াচংয়ে। তাঁর স্মৃতি রক্ষার্থে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় হবিগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনে প্রায় এক একর জায়গাজুড়ে গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৭৩ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে এর নির্মাণকাজ গত বছর শেষ হয়।জেলা পরিষদ সূত্র জানায়, এ গণগ্রন্থাগার ও জাদুঘর প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও সাহিত্যের ওপর ৯০০ বই রয়েছে গ্রন্থাগারটিতে। পাশাপাশি প্রতিদিন ১০টি জাতীয় দৈনিক পত্রিকা রাখা হবে।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন চৌধুরী বলেন, প্রথমে আমরা পাঠাগারটি সমৃদ্ধ করার ওপর জোর দিয়েছি। পাশাপাশি জাদুঘরের জন্য মুক্তিযুদ্ধকালীন ব্যবহূত নানা উপাদান সংগ্রহের কাজ চলছে।