স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম ও ২০৪১ সালে উন্নত আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা বাস্তবায়নে প্রকৌশলীদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় কনভেনশন (সম্মেলন) উপলক্ষে আয়োজিত প্রকৌশলী এম এ রশীদ স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন আইইবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম নজরুল ইসলাম।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার সারা দেশের অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট, সেতু নির্মাণ করছে। ঢাকায় মেট্রোরেল ও চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে ‘ইনফ্রাস্ট্রাকচার ইন এসডিজি ফর প্রো-পুওর ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য মুনাজ আহমেদ নূর। তিনি বলেন, দারিদ্র্য নিরসনে নারী শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। নগর ও গ্রামে সবখানে নিরাপদ খাওয়ার পানি নিশ্চিত করতেই হবে, এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।