এম এন লারমার কর্মীরা চুক্তিবিরোধীদের ক্ষমা করে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শে অনুপ্রাণিত আমাদের দলের কর্মীরা এখনো চুক্তিবিরোধী ও বিভেদপন্থীদের ক্ষমা করে যাচ্ছে। তবে তারা (ইউপিডিএফ, জেএসএস-এমএন লারমা) সুযোগ পেলে ১০ নভেম্বর ১৯৮৩ সালের মতো ঘটনা ঘটাবে। দীপংকর-বীরবাহাদুর, প্রসিত, রূপায়ণ-তাতিন্দ্ররা সবাই একই চরিত্রের মানুষ। জনসংহতি সমিতিকে ধ্বংস ও চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে সবাই তৎপর।’অপরদিকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান বলেছেন, জুমঞ্চ জাতি ঐক্যবদ্ধ না হলে কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারবে না। গতকাল শনিবার জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এমএন লারমার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সঞ্চরণসভায় প্রধান বক্তা সন্তু লারমা ও প্রধান অতিথি মানিক লাল দেওয়ান এসব কথা বলেন। এমএন লারমা আত্মগোপনে থাকা অবস্থায় ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলের ভিন্নমতাবলম্বীদের হাতে আট সহকর্মীসহ নিহত হন। রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সঞ্চরণসভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার, মাধবী লতা চাকমা, এমএন লারমা ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, যুব সমিতির সভাপতি সুনির্মল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ধীরাজ চাকমা। জেলার জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় এমএন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সঞ্চরণসভা, প্রভাতফেরি ও বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এই দুটি সভায় পার্বত্যচুক্তির মৌলিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।