৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা
এম এন লারমার স্বপ্ন বাস্তবায়নে পার্বত্য চুক্তি কার্যকর জরুরি

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন জরুরি। তিনি জুম্ম জাতির স্বাধিকার অর্জনের যে কাজ শুরু করেছিলেন, চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই তার সার্থক পরিণতি লাভ করবে।
গতকাল মঙ্গলবার মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রাঙামাটি, বান্দরবান ও বাঘাইছড়ি উপজেলায় এই স্মরণসভার আয়োজন করা হয়।
বক্তারা আরও বলেন, এম এন লারমা যে পথ দেখিয়েছেন সে পথে আমাদের এগিয়ে যেতে হবে। যে ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে, সে ষড়যন্ত্র এখনো বিদ্যমান। এই ষড়যন্ত্রের কারণে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো বিকল্পও নেই।
সকাল ১০টায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাংসদ ঊষাতন তালুকদার। জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ চাকমা।
এর আগে ভোরে জনসংহতি সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা প্রভাতফেরি করে শিল্পকলা একাডেমী চত্বর থেকে বনরূপা ঘুরে আসেন। পরে শিল্পকলা একাডেমী চত্বরে এম এন লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলার বাঘাইছড়িতেও স্মরণসভা হয়েছে। বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় মাঠে জনসংহতি সমিতি (সন্তু লারমা) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা। বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক বিদায়ক চাকমা, বাঘাইছড়ি শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা, সহসাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা, নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা ও রাঙামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অন্তিক চাকমা।
এ ছাড়া উপজেলার রূপকারী উচ্চবিদ্যালয় মাঠে স্মরণসভার আয়োজন করা হয়।
এম এন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানেও নানা কর্মসূচি পালিত হয়েছে। জনসংহতি সমিতির নেতা-কর্মীরা সকালে জেলা শহরের মধ্যমপাড়ার কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রভাতফেরি বের করেন। পরে অস্থায়ীভাবে নির্মিত বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোকসভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি উছোমং মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আইন-বিষয়ক সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা। এ ছাড়া বক্তৃতা করেন শিক্ষা ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক জলিমং মারমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু, জেলা তথ্য ও প্রচার সম্পাদক নিত্য লাল চাকমা।
এম এন লারমা ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম উত্তর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি জনসংহতি সমিতির সহকর্মীদের নিয়ে আত্মগোপন করেন। ১৯৮৩ সালে আত্মগোপনে থাকা অবস্থায় উপদলীয় কোন্দলে আটজন সহকর্মীসহ নিহত হন এই নেতা।
[প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন রাঙামাটি অফিস, বান্দরবান ও বাঘাইছড়ি প্রতিনিধি]