এম এম কলেজের হীরকজয়ন্তী উৎসব স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের হীরকজয়ন্তী উৎসব স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২৩ মার্চ এম এম কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী এ উৎসব হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল। হীরকজয়ন্তী উৎসব স্থগিত হলেও কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘কলেজের সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন আশানুরূপ হয়নি। এ কারণে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয়েছে। ঐতিহ্যবাহী এ কলেজের ৭৫ বছর পূর্তির মতো একটি বড় অনুষ্ঠান করতে আমাদের আরও প্রস্তুতির দরকার। অনুষ্ঠানের ভালো স্মরণিকা ও স্মারক উপহার করার জন্য সময় কম হয়ে যাচ্ছিল। অনুষ্ঠান স্থগিত হলেও নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাবেক শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি এক হাজার টাকা। বর্তমান শিক্ষার্থীদের জন্য তা ২০০ টাকা।

১৯৪১ সালে এম এম কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে ৭৫ বছর পূর্ণ করেছে। ১৯টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ডিগ্রি এবং উচ্চমাধ্যমিক মিলিয়ে বর্তমানে এ কলেজের শিক্ষার্থী সংখ্যা ৩১ হাজার।