
নিম্ন আদালতে আত্মসমর্পণের পর বিএনপির তিন নেতার মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পেয়েছেন। তবে দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে। নথি না থাকায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জামিনের শুনানি হয়নি।
এম কে আনোয়ার পাঁচটি, আবদুল আউয়াল একটি ও আমানউল্লাহ ৭০টি মামলায় গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা করা হয়। হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ বাতিল করে গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই তিন নেতাকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এর আগে হাইকোর্ট এ তিনজনকে ৮১টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানিয়েছিল।
আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী এম কে আনোয়ার, আউয়াল ও আমানউল্লাহ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত বেলা আড়াইটায় শুনানির সময় ধার্য করেন। শুনানিতে এম কে আনোয়ার ও আমানউল্লাহর আইনজীবীরা বলেন, মামলাগুলোতে এ দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাঁদের জামিনে মুক্তি দিলে পালানোর সম্ভাবনা নেই।
রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলে, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে রয়েছে। তাঁদের জামিনে মুক্তি দিলে মামলার বিচারকাজে বিঘ্ন ঘটতে পারে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এম কে আনোয়ার ও আমানউল্লাহকে পাঁচটি মামলায় জামিন মঞ্জুর করেন। তবে আমানউল্লাহর বিরুদ্ধে থাকা অপর ৪৯টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র বলেছে, এম কে আনোয়ারের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তবে পাঁচটি মামলার নথি না থাকায় গতকাল তিনি বাকি পাঁচ মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তা মঞ্জুর করেন।
আমান ৭০টি মামলায় জামিনের আবেদন করেন। এর মধ্যে মুখ্য মহানগর হাকিম আদালত পাঁচটি ও মুখ্য বিচারিক হাকিম আদালত দুটি মামলায় জামিন মঞ্জুর করেন। মুখ্য মহানগর হাকিম আদালত ৪৯টি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন। মহানগর দায়রা জজ আদালতে ছয়টি মামলায় জামিনের আবেদন করা হলে সেগুলো নাকচ হয়। আটটি মামলার নথি না থাকায় এগুলোতে জামিন আবেদনের শুনানি হয়নি।
বিকেল পাঁচটা পর্যন্ত এসব আবেদনের শুনানি হয়। পরে আমানউল্লাহকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিএনপির এ দুই নেতার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
আদালত সূত্র বলেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়ালের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গতকাল তিনি আইনজীবীর মাধ্যমে একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে মামলার নথি না থাকায় শুনানি হয়নি। পরে তিনি আদালত থেকে চলে আসেন।