এম কে আনোয়ার, খোকা ও আব্বাস নৈরাজ্যের তদারককারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বিএনপির নেতা এম কে আনোয়ার, সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা পল্টন এলাকায় হেফাজতে ইসলামের ‘নৈরাজ্যের’ তদারক করেছেন।গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিবেশ ও বনমন্ত্রী। তিনি বলেন, ওই নৈরাজ্যে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জামায়াতের ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম ও শিবিরের সাধারণ সম্পাদক আবদুর জব্বার। হাছান মাহমুদ বলেন, যাঁরা এসব ঘটনা ঘটিয়েছেন ও মদদ দিয়েছেন, তাঁদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পরিবেশ ও বনমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, নৈরাজ্যকারীদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন, তিনি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছেন।মন্ত্রী আরও বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের আশ্রয়-প্রশ্রয়েই হেফাজতে ইসলাম ওই নৈরাজ্যকর ঘটনা ঘটিয়েছে।হাছান মাহমুদ এ সময় জানান, তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে এই সংবাদ সম্মেলন করছেন। এ সময় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ও উপপ্রচার সম্পাদক অসীম কুমার উপস্থিত ছিলেন।