এম কে আনোয়ার ও মোশাররফের মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লার সন্তান এম কে আনোয়ার ও খন্দকার মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে কুমিল্লা জেলা বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে।গতকাল শনিবার বেলা ১১টায় নগরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচি দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ওই ঘোষণা দেন।কর্মসূচির মধ্যে রয়েছে: আগামীকাল সোমবার কুমিল্লার ১৬ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ২ জুন কুমিল্লা শহরে প্রতীকী অনশন, ৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও লিফলেট বিতরণ। সংবাদ সম্মেলনে বেগম রাবেয়া চৌধুরী বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে জাতীয় রাজনীতির পাশাপাশি কুমিল্লার উন্নয়নে ওই দুই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের প্রচেষ্টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, স্থলবন্দর স্থাপন, দুটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং নতুন চারটি প্রশাসনিক উপজেলা গঠিত হয়েছে। উন্নয়নের কাণ্ডারি ওই দুই নেতাসহ বিএনপির সব জাতীয় নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ জাকারিয়া তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম ভূঁইয়া, চান্দিনা পৌরসভার চেয়ারম্যান শাহ মো. আলমগীর, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।সংবাদ সম্মেলন শেষে জেলা বিএনপির নেতারা বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে দেখতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যান। গত শুক্রবার ওই দুই নেতাকে কাশিমপুর কারাগার থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়।