হোমনা শিল্পকলা একাডেমী ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করায় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ এম কে আনোয়ারকে সংবর্ধনা দিতে পারেনি বিএনপি। পরে তাঁর নিজের বাড়িতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এম কে আনোয়ারের বাড়িতে ওই সংবর্ধনা দেওয়া হয়। তাঁর কারামুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি। এ অনুষ্ঠান আয়োজনের জন্য হোমনা শিল্পকলা একাডেমী বরাদ্দ নিয়েছিল বিএনপি। কিন্তু একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগ কর্মিসভা ডাকায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। এদিকে বেলা দেড়টার দিকে ঢাকা থেকে উপজেলায় আসার পথে উপজেলা কমপ্লেক্সের সামনের সড়কে এম কে আনোয়ারের গাড়ি ও মোটর শোভাযাত্রায় আওয়ামী লীগ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধ করলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এম কে আনোয়ার গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল, তাঁর ছোট ভাই লিটন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, যুবলীগের কর্মী আনিস ও বাবুল আমার গাড়িবহরে হামলা করে।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা বলেন, ‘হোমনা শিল্পকলা একাডেমী বরাদ্দ নেওয়ার জন্য দুই হাজার টাকা ফি দিয়ে ৩০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করি। ৩১ মে ইউএনও আমাদের ৪ জুনের জন্য ওই মিলনায়তন ভাড়া দেন। এরপর সেখানে প্যান্ডেল ও তোরণ তৈরি করা হয়।’ তিনি বলেন, গত রোববার হঠাৎ করে আওয়ামী লীগ ওই স্থানে কর্মিসভা ডাকে। বিকেল চারটায় ইউএনও মো. হেলাল হোসেনের কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এম কে আনোয়ারের গাড়িবহরে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা কর্মিসভার জন্য শিল্পকলা একাডেমী চেয়েছিলাম। প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। না দিয়ে ১৪৪ ধারা জারি করে। পরে আমরা লঞ্চঘাটের দলীয় কার্যালয়ে সভা করি।’ ইউএনও মো. হেলাল হোসেন বলেন, বিএনপি আগে শিল্পকলা একাডেমী বরাদ্দ চেয়ে অনুমতি নিয়েছিল। আওয়ামী লীগ গত রোববার শিল্পকলা একাডেমী বরাদ্দের আবেদন করে। সংঘাত এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়।