এম কে আনোয়ারকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে সতর্ক করে তাঁর বিরুদ্ধে আনীত আদালত অবমাননার অভিযোগের নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন।আদেশে ট্রাইব্যুনাল বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে এম কে আনোয়ারের দেওয়া বক্তব্যের লিখিত ব্যাখ্যা তাঁদের কাছে গ্রহণযোগ্য হয়নি।গতকাল শুনানিতে এম কে আনোয়ারের আইনজীবী মুন্সি আহসান কবির বলেন, বিভিন্ন পত্রপত্রিকা এম কে আনোয়ারের যে বক্তব্য ছেপেছে, তা সঠিক নয়। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সংগ্রাম, নয়া দিগন্ত, বিডি নিউজ, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম সবাই তাঁর বিরুদ্ধে ভুল প্রতিবেদন ছেপেছে? তাহলে তিনি কী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রতিবাদ করেছেন? পরে আইনজীবী বলেন, তাঁরা এটি ভাবছেন। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল।পত্রিকার প্রতিবেদন অনুসারে, রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি (পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলার রায়ের আগের দিন) জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’রাষ্ট্রপক্ষ ২৪ জানুয়ারি বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনলে ট্রাইব্যুনাল ৩ ফেব্রুয়ারির মধ্যে এম কে আনোয়ারকে একজন আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। ২৬ ফেব্রুয়ারি তিনি ব্যাখ্যা জমা দেন।