এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

এম কে আনোয়ার ছাড়া পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির নেতা বরকতউল্লা বুলু, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, যুবদলনেতা সুলতান সালাউদ্দিন প্রমুখ।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রাজধানীর ওয়ারী থানা এলাকায় নাশকতার অভিযোগে করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এম কে আনোয়ারসহ বিএনপির ১৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযোগপত্রে এসব নেতাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোপয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ওয়ারী থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ। গত বছরের ২৪ জুলাই পুলিশ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে ১৭ জনকে পলাতক দেখানো হয়। বাকিরা জামিনে আছেন।

এ দিকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মার্চ তারিখ ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান।