এম কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষ বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাম্প্রদায়িক উসকানি ও মানহানির অভিযোগে এম কে আনোয়ারে বিরুদ্ধে মামলা করেন। মহানগর হাকিম হাসিবুল হক মামলাটি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত রোববার হেফাজতের সহিংসতার সময় শাপলা চত্বর ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর ও পবিত্র ধর্মীয় গ্রন্থে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য দেবাশীষ নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দায়ী করে গত সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এম কে আনোয়ার।আরজিতে আরও বলা হয়, এম কে আনোয়ার সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেন এবং কথাবার্তার মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দেন। তিনি বাদীর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা বক্তব্য দিয়ে তাঁকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন। তাই আদালতে মামলা করে বাদী এম কে আনোয়ারের বিচার দাবি করেন।