মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে ১০ মার্চ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ দিন ধার্য করেন।এম কে আনোয়ার তাঁর বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা আইনজীবীর মাধ্যমে গত ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে জমা দেন। গতকাল ছিল এ বিষয়ে শুনানির ধার্য দিন।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, এম কে আনোয়ার তাঁর বক্তব্যের মাধ্যমে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন। একই সঙ্গে ট্রাইব্যুনালকে জনসমক্ষে হেয় করা হয়েছে। তিনি বলেন, এর আগে কয়েকজন এ বিচার নিয়ে মন্তব্য করে পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তাঁরা বিচার নিয়ে মন্তব্য করে ঠিক করেননি। লিখিত ব্যাখ্যায় শাহবাগের প্রসঙ্গ আনা হয়েছে। কিন্তু শাহবাগের ঘটনা ঘটেছে এম কে আনোয়ারের বক্তব্যের অনেক পরে।এম কে আনোয়ারের পক্ষে আইনজীবী মুন্সি আহসান কবির গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় অপর আইনজীবী তরিকুল ইসলাম শুনানির জন্য সময় চেয়ে আবেদন জানান।এ সময় ট্রাইব্যুনাল আইনজীবীকে বলেন, ‘আমরা আপনাদের লিখিত ব্যাখ্যা পড়ে দেখেছি। আদেশের দিনই শুনানি করতে পারবেন।’ পরে আদেশের জন্য ১০ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় (পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলার রায়ের আগের দিন) এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’ রাষ্ট্রপক্ষ ২৪ জানুয়ারি বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনলে ট্রাইব্যুনাল ৩ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে মন্তব্যের জন্য সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কাছেও ব্যাখ্যা চেয়েছিলেন ট্রাইব্যুনাল-২। তাঁরা ব্যাখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। ট্রাইব্যুনাল বিষয়টি নিষ্পত্তি করে দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।