এম জহিরের প্রথম জানাজা অনুষ্ঠিত
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ এম জহিরের প্রথম জানাজা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বেলা তিনটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ ধানমন্ডির বাসভবনে নিয়ে যাওয়া হয়।
ড. এম জহির অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনজীবী তামজিদা মিলা বলেন, ‘বিকেল পাঁচটায় ধানমন্ডির ৭ নম্বরে বায়তুল আমান জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হবে। পরে বনানীতে বাবার কবরে তাঁকে শায়িত করা হবে।’
এর আগে বেলা ১১টা ৫৭ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জহিরের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। বাদ জুমা কোম্পানি আইন বিশেষজ্ঞ এম জহিরের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আরও শ্রদ্ধা জানান সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম, মো. ফজলুল করিম, এ বি এম খায়রুল হক, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, আমিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, মাহবুবুল আলম হানিফ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএনপির নেতা মওদুদ আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনসহ এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার এম জহির মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
এম জহির মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৩৯ সালের ২২ মে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে আইন পেশায় চর্চা শুরু করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ সালে এলএলএম এবং ১৯৬৬ সালে কোম্পানি আইনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রায় ২০ বছর ধরে কোম্পানি আইনের ওপর পাঠদান করেন।
১৯৭৪-৭৫ সালে তিনি অস্ট্রেলিয়ান অ্যাটর্নি জেনারেলের বিভাগে এবং অল্প সময়ের জন্য নিউ সাউথ ওয়েলস ল রিফর্ম কমিশনের জন্য কাজ করেন। প্যারিসের কোর্ট অব আরবিট্রেশন এট দি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সদস্য নির্বাচিত হন।
১৯৭৮ সালে এম জহির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সংবিধান ও করপোরেট আইনজীবী হিসেবে তিনি দেশে ও বিদেশে বিশেষ খ্যাতি অর্জন করেন। কোম্পানি ও সিকিউরিটি আইনেও তিনি বিশেষ পারদর্শী ছিলেন।