এমআরআই ফিল্ম নেই তিন সপ্তাহ রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ম্যাগনেটিক রেজোন্যানস ইমেজিং (এমআরআই) ও সিটি স্ক্যানের ফিল্ম নেই প্রায় তিন সপ্তাহ ধরে। ফলে এমআরআই ও সিটি স্ক্যান বন্ধ রয়েছে। আর এ কারণে প্রতিদিনই ফেরত যাচ্ছে হাসপাতালে আসা রোগীরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, ফিল্ম শেষ হওয়ার প্রায় মাস তিনেক আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। এমআরআই ও সিটি স্ক্যানের ফিল্ম-সংকটের কারণে রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।জানা গেছে, ক্যানসার, স্ট্রোক, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথাসহ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে এমআরআই ব্যবহার করা হয়। প্রতিবছর দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে ফিল্ম কেনা হয়। বছরের শুরুতে পরিচালকের দপ্তরে চাহিদাপত্র জমা দেওয়া হয়। সে হিসেবে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রয়োজনীয় চাহিদা পূরণ করা হয়।হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে আসা রোগী রোকসানা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এখানে এসেছি নেহায়েত ঠেকায় পড়ে। আর্থিক অবস্থা ভালো হলে তো ক্লিনিকেই যেতাম। কিন্তু প্রতিদিনই আমাদের ফিল্ম নেই বলে ফিরিয়ে দেওয়া হয়।’হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান আনিসুল মাওলা ফিল্ম-সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি পরিচালকের দপ্তর থেকে তদারক হয়। আমরা তাঁকে জানিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা জানান, ফিল্ম কেনার দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। এখন সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তির কাজ চলছে। এর পরই ফিল্ম সরবরাহ করা হবে।’জানা যায়, চট্টগ্রামে সরকারি হাসপাতালের মধ্যে কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআইয়ের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে নগরের দুটি বেসরকারি প্রতিষ্ঠানে এমআরআই মেশিন রয়েছে। কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল।