এমআরআই যন্ত্র ও পানির পাম্পের তার চুরি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক এমআরআই বা ম্যাগনেটিক রিসোনেস ইমেজিং যন্ত্রের তার চুরি গেছে৷ এতে হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য এসে রোগীরা বিপাকে পড়ছেন৷ এদিকে হাসপাতালের আবাসিক এলাকায়ও চুরির ঘটনা ঘটেছে৷

আবাসিক এলাকায় পানির পাম্পের তারটি (কেব্‌ল) চুরি যাওয়ায় ১৮টি ভবনে বসবাসকারী কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা দুর্ভোগ পোহাচ্ছেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম বলেন, হাসপাতালের এসব কাজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগকে কেব্‌ল চুরির পরপরই মৌখিকভাবে জানানো হয়েছে। এরপর ৬ মে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি৷

গণপূর্ত বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, চুরি হওয়া কেব্‌লের দাম অনেক বেশি। এটি নতুন করে বসানো রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে না। এ বিষয়ে বরাদ্দ পেতেও যথেষ্ট বেগ পেতে হয়। তবে শিগগিরই ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হবে। আর চুরি রোধে হাসপাতাল কর্তৃপক্ষকেই জোরালো পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

হাসপাতাল সূত্র জানায়, ৫ মে হাসপাতালের নিচতলায় অবস্থিত এমআরআই যন্ত্রের কক্ষের বাইরে থেকে ওই যন্ত্রের প্রায় ১৫০ গজ কেব্‌ল চুরি হয়ে যায়। এ কারণে রোগ নির্ণয়ের দুটি এমআরই যন্ত্রের একটি অচল হয়ে পড়েছে৷ এ জন্য রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষা-নীরিক্ষা করাতে চরম ভোগান্তি পেতে হচ্ছে৷ হাসপাতালে গড়ে প্রতিদিন ২৫ জন রোগীর এমআরআই পরীক্ষা করা হয়। সেখানে একটি যন্ত্র বিকল হয়ে পড়ায় আট থেকে ১০ জন রোগীর পরীক্ষা করা হচ্ছে। বাকি রোগীদের এক থেকে দুই সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, এমআরই যন্ত্রে রোগ নির্ণয়ের জন্য প্রায় ৮০ জন রোগী অপেক্ষা করছেন৷তাঁরা জানান, অনেকে বাধ্য হয়ে দীর্ঘদিন অপেক্ষা না করে বাইরে থেকে বেশি টাকায় পরীক্ষা করছেন। হাসপাতালে পরীক্ষা করাতে ব্যয় হয় তিন হাজার টাকা। অথচ বাইরে একই পরীক্ষা করাতে খরচ পড়ে প্রায় সাত হাজার টাকা।

অন্যদিকে হাসপাতাল চত্বরে অবস্থিত কর্মচারীদের ১৮টি বহুতল আবাসিক ভবনে পানি সরবরাহের পাম্পের প্রায় ৫০ গজ কেব্‌ল ২৯ এপ্রিল চুরি হয়েছে। দীর্ঘ নয় দিনেও নতুন করে কেব্‌ল লাগানো হয়নি। ফলে আবাসিক ভবনে বসবাসরত ২০০ পরিবার পানি পাচ্ছেন না৷

আবাসিক ভবনে বসবাসরত চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবদুর রউফ বলেন, পাঁচতলা ও চারতলা ভবনের নিচে নেমে নলকূপ থেকে পানি সংগ্রহ করে ওপরে নিয়ে যেতে হচ্ছে। এতে করে তাঁদের দুর্ভোগের শেষ নেই। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি।