এমআরপি ছাড়াও হবে হজের নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেছেন, ২০১৫ সালের হজযাত্রীদের জন্য আজ সোমবার থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে নিবন্ধন কার্যক্রম চলবে। এ সময় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ছাড়াও জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দিয়ে নিবন্ধন করা যাবে। তাঁরা পরে এমআরপি জমা দিতে পারবেন।
ধর্মমন্ত্রী গতকাল রোববার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। হজ প্যাকেজ-২০১৫ ঘোষণা এবং হজযাত্রীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব সরকার পুরো হজ ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে এসেছে। এ বিষয়ে সৌদি হজমন্ত্রী বাংলাদেশকে চিঠি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের হজ কার্যক্রম অন্যান্য বছরের তুলনায় দুই মাস এগিয়ে আনা হয়েছে।