এমআরপি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যই ঠিক
আজ মঙ্গলবার পর্যন্ত প্রায় দুই লাখ প্রবাসীর হাতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আগের তথ্যই সঠিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদেশে বসবাসরত ১১ লাখ ৩২ হাজার ৩৩৭ জনকে এখনো এমআরপি দিতে পারেনি সরকার। পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের কোনো সমস্যা হবে না। যে কেউ দেশে আসতেও পারবে, যেতেও পারবে। এমআরপি দেওয়ার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। চাহিদা আরও বাড়লেও জোগান দিতে পারব। যারা দেশের বাইরে বা দেশে রয়েছে তারা আবেদন করলে এমআরপি দেওয়া হবে। কোনো সমস্যা হবে না। পাসপোর্ট অফিসে এখন কাজের চাপ কমে গেছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘সরকার ২০১২ সাল থেকে এ নিয়ে কাজ করছে। গতকাল পর্যন্ত মোট ১ কোটি ২৫ লাখ এমআরপি পাসপোর্ট দেওয়া হয়েছে। এ ছাড়া প্রবাসীরা তাৎক্ষণিকভাবে চাইলে দূতাবাস বা মিশন থেকে ‘ট্রাভেল পাসপোর্ট’ নিয়ে দেশে ফিরতে পারবেন।’