এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২
চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নাম জায়েদ আহমেদ ও সানি। তাঁরা দুজনই একাদশ শ্রেণীর ছাত্র। তাঁদের দা ও লোহার রড দিয়ে মাথায় ও হাতে আঘাত করা হয়েছে বলে জানা গেছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে নোয়াব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দ্বাদশ শ্রেণীর ছাত্র। তিনি বলেন, সংঘর্ষের পর পুলিশ দুই পক্ষের ছাত্রদের ধাওয়া করে। এরপর কলেজ ক্যাম্পাস থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি। এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশেদুল আলমের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সংঘর্ষের ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে। কলেজ সূত্র জানায়, এমইএস কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করেছে। এর পরও কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশেদুল আলমের সমর্থকেরা কলেজে নিয়মিত মহড়া দেন। তাঁরা প্রতিপক্ষকে আঘাত করার জন্য বইয়ের থলেতে চাপাতি ও ছুরি বহন করেন।