এমএন লারমার জন্মবার্ষিকীতে আলোচনা সভা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, জুম্ম জাতির অস্তিত্ব রক্ষায় মহান নেতা মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমা যে সংগ্রাম শুরু করে গেছেন, তা অব্যাহত রাখতে হবে।
গতকাল সোমবার সাবেক সাংসদ ও জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এমএন লারমার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন ও গিরিসুর শিল্পী গোষ্ঠী যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে বিকেল চারটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সন্তু লারমা বলেন, ১৯৪৭, ’৬০ ও ’৭২ সালে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সংখ্যালঘুতে পরিণত করার যে ষড়যন্ত্র দেখে এমএন লারমা সংগ্রাম শুরু করেছিলেন, সে ষড়যন্ত্র এখনো বিদ্যমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় ও রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদ সদস্য মাধবী লতা চাকমা, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, সাংবাদিক বিপ্লব রহমান ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ত্রিজিনাদ চাকমা।