এমএলএম কোম্পানির পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রেভনেক্স (বিডি) লিমিটেড নামে একটি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানির পর এ আদেশ দেন।সূত্র জানায়, রেভনেক্সের চেয়ারম্যান ইমতিয়াজ কাশেম, ব্যবস্থাপনা পরিচালক পিন্টু বিশ্বাস, কেন্দ্রীয় ব্যবস্থাপক ইমাম হোসেন এবং বাঁশখালী উপজেলার প্রতিনিধি মনসুর আহম্মদ ও আবু ছিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নুরুল আবছার আনসারী নামের এক ব্যক্তি গতকাল তাঁদের বিরুদ্ধে মামলা করেন।মামলার আরজিতে বলা হয়, ছয় মাসে দ্বিগুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসামিরা গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। আসামিরা মুরাদপুর এলাকায় জামান হোটেলে বসে ২০১১ সালের ২৬ মে বাদীর সঙ্গে লেনদেন করেন। বিনিয়োগের এক মাসের মধ্যে ব্যাংক থেকে মুনাফার নগদ টাকা উত্তোলন করা যাবে বলেও আসামিরা বাদীকে আশ্বাস দেন। পরে বাদী কোনো মুনাফা না পাওয়ায় বারবার আসামিদের তাগাদা দেন। এতেও কোনো কাজ না হওয়ায় বাদী আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় মামলা করেন।