এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধে আইন করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর প্রতারণা বন্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। বৈঠকে উত্থাপিত সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় কমিটির পরবর্তী বৈঠকে প্রতিবেদন জমা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে সংসদীয় কমিটির এ বৈঠক হয়।সূত্র জানায়, বৈঠকে ডেসটিনি, নিউওয়ে, গ্রেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্কসহ বেশ কয়েকটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়। এ নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো আইন বা নীতিমালা না থাকায় সাধারণ মানুষের সঙ্গে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা দিন দিন বাড়ছে।বৈঠকে উপস্থিত কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, বৈঠকে কয়েকটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।লুৎফুল হাইয়ের সভাপতিত্বে বৈঠকটি হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে লুৎফুল হাই বলেন, এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। এসব কোম্পানি ভবিষ্যতে যাতে অনৈতিক কাজ না করতে পারে, সে জন্য কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। এ ছাড়া পবিত্র রমজান মাসে পণ্যের বাজার যাতে স্থিতিশীল থাকে, সে জন্যও কমিটি কিছু সুপারিশ করেছে। বাজারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।টিসিবিতে বর্তমানে যে পরিমাণ পণ্য মজুদ আছে, তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন লুৎফুল হাই। তিনি বলেন, টিসিবির মজুদ অন্তত ১০ গুণ বাড়ানো উচিত। তবে বর্তমান বাজারে চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য মজুদ থাকায় টিসিবির বর্তমান মজুদ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি জানান, বর্তমান বাজারে চিনির চাহিদা এক লাখ ২৫ হাজার টন। সরকারিভাবে মজুদ আছে ৫০ হাজার টন এবং ব্যক্তিপর্যায়ের উদ্যোক্তাদের কাছে মজুদ আছে আরও তিন লাখ টন।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, শেখ আফিল উদ্দিন, রুমানা মাহমুদ, জয়নাল আবেদীন ও এম আবদুল লতিফ।