এমএলএমের প্রতারণার শিকার ৪০০ গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করার লোভনীয় প্রচারণার ফাঁদে পড়ে ‘ক্লিক টু আর্ন টু ইউ ডট কম’ নামের অনলাইননির্ভর একটি বহু ধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার প্রায় ৪০০ গ্রাহক।ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক জামিনুর রহমান গ্রাহকদের কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, জামিনুর রহমানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আদিতমারীতে কাজ শুরু করে। তিনি উপজেলায় প্রতিষ্ঠানটির পক্ষে প্রচারণা চালাতে থাকেন। চটকদার বিজ্ঞাপন দিয়ে ঢাকা থেকে পরিচালিত এই এমএলএম প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে ব্যাপক পরিচিতি পায়। শর্ত অনুযায়ী একজন গ্রাহককে একটি আইডি নম্বর পেতে ১১ হাজার ২০০ টাকা করে জামিনুর রহমানকে দিতে হয়েছে। এভাবে কোনো কোনো গ্রাহক সর্বোচ্চ ২২টি আইডি খুলেছেন। প্রতারণার শিকার লোকজন জানান, গ্রাহক হওয়ার আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের প্রতি মাসে সর্বোচ্চ তিন হাজার টাকা আয়ের আশ্বাস দেওয়া হয়েছে। আবার একজন গ্রাহক তাঁর অধীনে একজন গ্রাহক বাড়াতে পারলে তাঁর হিসাবে ১৪ ডলার বোনাস জমা হবে—এমন প্রলোভন দেখানোয় অনেকেই একসঙ্গে একাধিক আইডি কিনে ক্লিক করতে থাকেন। আদিতমারী উপজেলায় এভাবে প্রতারিত হয়েছেন ৩৯৩ জন। আর জামিনুর আত্মসাৎ করেছেন গ্রাহকদের প্রায় ৪৫ লাখ টাকা।আদিতমারী টিঅ্যান্ডটি পাড়ার সুলতান হোসেন জানান, তিনি ৫৬ হাজার টাকা দিয়ে পাঁচটি আইডি খুলে প্রথম দুই মাসে প্রতিষ্ঠানের প্রতিনিধি জামিনুরের মাধ্যমে ১৫ হাজার টাকা পেলেও গত দুই মাসে কোনো টাকা পাননি।জামিনুর রহমান বলেন, ‘কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে কোম্পানির সিইও ভালো বলতে পারবেন।’ তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি। এ ব্যাপারে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ মাহমুদের মুঠোফোনে গত শুক্রবার একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, পাওনা টাকা চাওয়ায় জামিনুর রহমান নিজে লুকিয়ে থেকে তাঁকে গুম করা হয়েছে মর্মে অভিযোগ আনা হতে পারে—এমন আশঙ্কায় সুলতান হোসেনসহ আটজন প্রতারিত গ্রাহক শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।