এমএসডি-এইচপিএল একসঙ্গে কাজ করবে
যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এমএসডি ফার্মাসিউটিক্যালস প্রা. লিমিটেড (এমএসডি) এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এইচপিএল) বাংলাদেশে এখন থেকে একসঙ্গে কাজ করবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান দুটি এই ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে নারীদের ক্যানসাররোধী ভ্যাকসিনসহ মোট পাঁচ ধরনের ওষুধ বাংলাদেশের বাজারে আনার সিদ্ধান্ত হয়েছে। এমএসডির উৎপাদিত এই ওষুধও বাজারজাত করবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।
এমএসডির দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কে জি আনান্থাকৃষ্ণান বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিশ্বমানের ওষুধ সরবরাহ করা ছাড়াও দেশ থেকে রোগের বোঝা কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এমএসডির ওষুধ বিশ্বের ১৪০টি দেশে ব্যবহৃত হয়ে থাকে। এগুলোর মধ্যে হৃদ্রোগ, স্নায়ুতন্ত্রের রোগ, ক্যানসারসহ জটিল রোগের ওষুধ ও ভ্যাকসিন রয়েছে।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা মু হালিমুজ্জামান বলেন, বাংলাদেশে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের একটি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। এমএসডির মতো বিশ্বমানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারলে তাঁর প্রতিষ্ঠানের গুণগত মান আরও বাড়বে।
বাংলাদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে জন্মনিয়ন্ত্রণে এমএসডি কাজ করছে বেশ আগে থেকে। এ ছাড়া আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গেও প্রতিষ্ঠানটি কাজ করেছে। এমএসডির অন্যতম পরিচালক অন্নপূর্ণা দাস বলেন, বাংলাদেশের মানুষকে সুস্থ রাখার লক্ষ্যে তাঁরা কাজ করবেন।