গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও এমএস প্রোগ্রামের ক্লাস কাল রোববার থেকে শুরু হবে। তবে বিএস প্রোগ্রামের ক্লাস চালু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ কথা জানায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ২০ দিন পর কর্তৃপক্ষ ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। উপাচার্য আবদুল মান্নান আকন্দ গতকাল শুক্রবার বলেন, ‘আপাতত পিএইচডি ও এমএস প্রোগ্রামের ক্লাস শুরু হচ্ছে। বিএসের (স্নাতক) ক্লাস শুরুর ব্যাপারে এ মুহূর্তে ভাবছি না। পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভা হলে বিষয়টি দেখা যাবে।’ বিএস প্রোগ্রামের কয়েকজন শিক্ষার্থী জানান, কিছু শিক্ষার্থীর কারণে তাঁদের শিক্ষাজীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ছাত্ররাজনীতি না থাকা এবং অপেক্ষাকৃত কম শিক্ষার্থীর কারণে তাঁদের বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে না। কোনো সেশনজট ছাড়াই নির্ধারিত সময়ে তাঁদের কোর্স শেষ হয়। ৯ মে কেন হঠাৎ শিক্ষার্থীরা এত উত্তেজিত হয়ে গেল, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের।