যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিট। আকস্মিক পরিদর্শনে যান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর আলী রেজা। কিন্তু কার্যালয়ে দু-একজন কর্মচারী ছাড়া বড় কোনো কর্মকর্তাকে তিনি দেখেননি। পরে ক্ষুব্ধ ব্যবস্থাপনা পরিচালক অনুপস্থিত কর্মকর্তাদের হাজিরা খাতায় লাল দাগ দিয়ে চিহ্নত করেন।
যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয় চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত।
সূত্র জানায়, মীর আলী রেজা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) এবং সরকারের অতিরিক্ত সচিব। ১৬ জুলাই সেখানকার ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরকে প্রত্যাহার করে বিপিসিতে সংযুক্ত করা হয়। বিপিসির পরিচালক মীর আলী রেজাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক করা হয়। তিনি গতকাল প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মীর আলী রেজা গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টার মধ্যেই প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীর অফিসে উপস্থিত হওয়ার নিয়ম। কেন তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে আসেননি এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সূত্র জানায়, যমুনা অয়েলের কার্যালয়ে ৭ জন উপমহাব্যবস্থাপকসহ ৮০ জন কর্মকর্তা রয়েছেন।