মিল্ক ভিটার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুনীর চৌধুরীর অব্যাহতিকে অবৈধ বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসিব খান তরুণ গত মঙ্গলবার রাতে মুনীর চৌধুরীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে চিঠি দেন। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়া অন্য কেউ এই অব্যাহতি দিতে পারে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডে (মিল্ক ভিটা) প্রজনন কার্যক্রমের জন্য প্রায় দেড় কোটি টাকায় অস্ট্রেলিয়া থেকে ১২টি ষাঁড় (ব্রিডিং বুল) কেনার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২২১ জন কৃত্রিম প্রজনন সহকারী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দরপত্রে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে।
মিল্ক ভিটা সূত্রে জানা গেছে, দরপত্র না মেনে ষাঁড় আমদানির চেষ্টার ব্যাপারে মুনীর চৌধুরী ১৮ ডিসেম্বর সমবায় অধিদপ্তরকে লিখিতভাবে আপত্তি জানান। প্রজনন সহকারী নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠলে তা বন্ধ করার জন্যও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান। এরপর নিয়োগের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এসব ঘটনায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান ও পরিচালক হোসনে আরার সঙ্গে মুনীর চৌধুরীর একাধিকবার বাগিবতণ্ডা হয়। তাঁরা সরকারের বিভিন্ন পর্যায়ে তাঁকে অপসারণের জন্য চিঠি দেন। কিন্তু সেখান থেকে সাড়া না পেয়ে তাঁরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে অপসারণের উদ্যোগ নেন।
জানতে চাইলে মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চাকরিবিধি অনুযায়ী আমি স্বপদে বহাল আছি। সরকারি নিয়ম অনুযায়ী আমার দায়িত্ব পালন করে যাব।’
গত মঙ্গলবার রাত ১০টায় ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুনীর চৌধুরীকে অব্যাহতি দিয়ে তাঁর বাসায় চিঠি পৌঁছে দেওয়া হয়। চেয়ারম্যান হাসিব খান স্বাক্ষরিত ওই চিঠিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা, টেকনিক্যাল বিপণন) সিরাজুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, মুনীর চৌধুরীকে মিল্কভিটার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পদে সরকার নিয়োগ দিয়েছে। তাঁকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার মিল্কভিটার চেয়ারম্যানের নেই। এ ধরনের কোনো অব্যাহতি দেওয়া হয়ে থাকলে তা বৈধ নয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসিব খান প্রথম আলোকে বলেন, ‘আমরা সমবায় বিধিমালা, ২০০৪-এর ৫০(২) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাঁকে অপসারণ করেছি।’
গত ৭ ফেব্রুয়ারি মিল্কভিটায় ভারপ্রাপ্ত এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান মুনীর চৌধুরী। এর আগে একই মাসের ৩ তারিখে প্রতিষ্ঠানটিতে তিনি মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন। গত ১০ মাসে তিনি প্রায় চার কোটি টাকার অপচয় কমিয়ে আনেন বলে মিল্কভিটা সূত্রে জানা গেছে। তাঁর যোগদানের পর প্রথমবারের মতো মিল্কভিটার পণ্য বিক্রি বেড়ে দাঁড়ায় ৪০২ কোটি ১২ লাখ টাকা। আগের বছরে তা ছিল ৩৬৮ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন এবং ১০ লাখ টাকা জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) থাকা অবস্থায় দূষণবিরোধী কঠোর অভিযানের মাধ্যমে চার বছর ধরে বেশ আলোচিত ছিলেন মুনীর চৌধুরী।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল কাদের সরকার প্রথম আলোকে বলেন, মুনীর চৌধুরী একজন সৎ সরকারি কর্মকর্তা। মিল্কভিটাকে একটি লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে তাঁকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। মিল্কভিটার চেয়ারম্যান বা অন্য কেউ তাঁকে অপসারণ করতে পারেন না। তিনি এখনো আগের পদেই বহাল আছেন।