এমডিআর ও শিশু যক্ষ্মা বাড়ছে, প্রচারণা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় দিনে দিনে এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট) যক্ষ্মা ও শিশু যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের ধারণা, আরও পরীক্ষা-নিরীক্ষা করলে এ ধরনের রোগীর সংখ্যা আরও বাড়বে। যক্ষ্মার প্রচারণার সঙ্গে সঙ্গে এমডিআর ও শিশু যক্ষ্মা সম্পর্কে প্রচার-প্রচারণা বাড়ানো উচিত। কিন্তু সেটি হচ্ছে না বললেই চলে।
গত রোববার দুপুরে ভোলার সিভিল সার্জন মিলনায়তনে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: সর্বস্তরের অংশগ্রহণ’ শিরোনামে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক বক্তারা এ তথ্য তুলে ধরেন। ব্র্যাক আয়োজিত এ বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসক ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।
বৈঠকে বক্তারা জানান, যক্ষ্মা রোগীদের প্রথম ছয় মাসের চিকিৎসার সময় কেউ অনিয়মিত ওষুধ সেবন করলে অথবা চিকিৎসা পদ্ধতিতে ভুল করলে এমডিআর যক্ষ্মা হয়।
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির ভোলা জেলা শাখার সভাপতি শওকাত হোসেন বলেন, একজন এমডিআর রোগী আরেকজন রোগীর সৃষ্টি করে। এ জন্য এমডিআর সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধি করা দরকার।
ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, ভোলায় ২০০৪ সাল থেকে যক্ষ্মা নিয়ে কাজ শুরু হয়। ২০০৯ সালে সর্বপ্রথম সদর উপজেলার পূর্ব ইলিশার গিয়াস উদ্দিনের শরীরে এমডিআর যক্ষ্মা শনাক্ত করা হয়। চিকিৎসার পর ২০১১ সালে তিনি সুস্থ হন। ২০১৩ সালে ১৭ জনের দেহে এমডিআর যক্ষ্মা চিহ্নিত করা হয়। এর মধ্যে ইকবাল ও গিয়াস উদ্দিন নামের দুজন সুস্থ হয়েছেন। শাহ আলম ও মো. সেলিম নামে দুজন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ভোলায় বর্তমানে ০-১০ বছর বয়সী ২৮টি শিশু যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। এ ছাড়া ২০১৩ সালে যক্ষ্মা চিহ্নিত করে এক হাজার ৩৪৮ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০১৩ সালের জুলাই পর্যন্ত ১৩ হাজার ৪৫৭ জন যক্ষ্মার জীবাণু বহনকারীকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে ১০ হাজার ৯৭১ জন। মারা গেছে ৪৮ জন। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ভোলায় যক্ষ্মায় ৩৮৭ জন মারা গেছে।